চট্টগ্রামের মিরসরাইয়ে এশিয়ান পেইন্টসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শওকত হোসেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস নামে একটি কারখানার তৃতীয় তলায় প্রথমে আগুন লাগে। এতে কারখানার ভেতরে থাকা মেশিনারিজ ও ওপরের সিলিংয়ের আংশিক পুড়ে যায়। কারখানার নিচতলায় থাকা কেমিক্যালগুলো আগুন লাগার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে এশিয়ান পেইন্টসের এডমিন ম্যানেজার মো. রুহুল আমীন বাবুর মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শওকত হোসেন বলেন, সকালে এশিয়ান পেইন্টসের কারখানার ভেতরে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, কারখানাটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। কারখানাটির কর্মকর্তারা আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


