মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে তৃণমূলে সংগঠনকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।
হিংঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের প্রধান সমন্বয়ক মো. পারভেজের সভাপতিত্বে ও সমন্বয়ক রায়হান উদ্দিন এবং নিশাতের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, বারইয়ারহাট বাজার উন্নয়ন কমিটির সভাপতি জয়নাল আবেদীন আলমগীর, সাবেক ছাত্রদল নেতা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন সহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম মিয়াজী বলেন, ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি একটি রাজনৈতিক পাঠশালার নাম। যে পাঠশালায় আলোচনা হয়, দেশ রক্ষা ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে। অতীতের ন্যায় ছাত্রদল না জাগলে এদেশ ধ্বংস হয়ে যাবে। জাতীয়তাবাদী শক্তি ছাড়া বাংলাদেশকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য সংগঠনকে আরও সুসংগঠিত ও বাস্তবমুখী করতে হবে। যাদের বদৌলতে গ্রাম বাংলার কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ নিরাপদ ও শান্তিতে ঘুমাবে। নিশ্চিন্তে চলাচল করবে দেশের মা-বোনসহ সাধারণ মানুষ। এজন্য ছাত্রদলের বেটার ওয়ার্ক চাই। আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা নুরুল আমিনের নির্দেশে সোশ্যাল মিডিয়ায় সরব থাকার পাশাপাশি দেশ, দল ও মানুষের জন্য কাজ করতে ছাত্র দলকে আহবান জানান তিনি।


