কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৯ জুন) ভোররাতে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (৯ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী গুজ্জা খাল লক্ষ্মণের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার দিকে মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকা পাঁচজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা তাদের বহন করা পাঁচটি প্যাকেট ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্যাকেটগুলোর ভেতর থেকে খাকি রঙের মোড়কে রাখা মোট ৫৫ কাট বা ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার অভিযানের পর আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি।
উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের ফলে একের পর এক সফল অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে।
উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’


