কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার হুমায়ুন (২৫) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ মে) বিকাল ৫টার দিকে মেরিন ড্রাইভ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ।
আটক হুমায়ুন কচ্ছপিয়া এলাকার ব্যবসায়ী ফরিদ আহমেদের ছেলে।
মো. আবু সাঈদ জানান, হুমায়ুনের বিরুদ্ধে মানবপাচার, অপহরণ, মুক্তিপণ আদায় ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় তিনি শীর্ষ ডাকাত হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।
তিনি আরও বলেন, ‘স্থানীয়রা ভয়ে তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
পুলিশ জানায়, তদন্ত শেষে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হবে। পাশাপাশি তার বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তদন্ত কেন্দ্রের এই কর্মকর্তা।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ কর্মকাণ্ড কমে আসবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরবে।


