নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ জরুরি। অন্য কারো কথায় নয়, দেশের শাসনতন্ত্র মেনেই আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বঙ্গবন্ধুকে নিয়ে জাপানি চিত্রকলা ‘মাঙ্গা’ ফর্মে কমিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মার্কিন যুক্তরাষ্ট্র সফর নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ জরুরি। সরকারের চেষ্টা থাকবে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন। ইতোমধ্যে সব দলকে নির্বাচনে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি তারা সরকারের ডাকে সাড়া দেবে।
তিনি বলেন, দেশের শাসনতন্ত্র মেনেই আগামী নির্বাচন হবে। সংবিধান পরিবর্তন কোনোভাবেই সম্ভব না।
এদিকে একই অনুষ্ঠানে বাংলাদেশ-জাপান বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে জাপানি চিত্রকলা গ্রাফিকস নোবেল (জাপানিজ ‘মাঙ্গা’ ফর্মে) একটি কমিক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন ও জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।
রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপাস্থপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফখরুল আলম।
জাপানিদের কমিক ও কার্টুন ধাঁচের চিত্রকলার একটি ধরন হচ্ছে মাঙ্গা। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রাম এই মাঙ্গা ফর্মে তুলে ধরা হয়েছে বইটিতে। বর্ণনা এবং ব্যতিক্রমী ছবিতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন তুলে ধরা হয়েছে। একইসাথে বাংলাদেশের জন্মের কথা এবং বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের কথা বর্ণনা করা হয়েছে।
বইটি যৌথভাবে লিখেছেন স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম এবং শাইন পার্টনারস করপোরেশন জাপান এর প্রধান নির্বাহী ইয়েমতো কিয়েতা। বইটি প্রকাশ করেছে এনআরবি স্কলার্স পাবলিশার্স বাংলাদেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম। অনুষ্ঠান পরিচালনা করেন স্কলার্স বাংলাদেশ সোসাইটির সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা।


