মাদারীপুরে কলেজ রোড এলাকায় দুই বান্ধবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও দুইজন। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন: শহরের উকিলপাড়া এলাকার কে এইচ শাকিল আহাম্মেদের মেয়ে সাগরিকা আহাম্মেদ (২০) ও ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার মালেক মাতুব্বরের মেয়ে পারুল আক্তার রুপা (২০)। তারা দুইজন বান্ধবী।
আর জিজ্ঞাসাবাদের জন্য সাগরিকার মা সাবিনা ইয়াসমিন (৪৫) ও তার মামা বাবুসহ (৪০) চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়ার জানায়, ০১ অক্টোবর মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার লুৎফর রহমান মোল্লার বাসার চতুর্থ তলা ভাড়া নেয় সাগরিকা আহাম্মেদ নামে এক নারী। সাগরিকার সঙ্গে তার মা সাবিনা ইয়াসমিন ও মামা বাবু থাকতেন। শনিবার রাতে সাগরিকার বান্ধবী ডালিয়া ও পারুলসহ ৪ জন রুমের ভেতর প্রবেশ করে। পরে রুমে থাকা সবাই মদ্যপান করে। রাতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহাম্মেদকে। পুলিশ বলছে, অতিরিক্ত মদ্যপানে রুমের ভেতরেই মারা যায় সাগরিকা। এ সময় গুরুতর অসুস্থ হয় আরও ৩ জন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরিকার বান্ধবী পারুলকে মৃত ঘোষণা করেন।
মোবাইলে ধারণ করা ভিডিতে দেখা যায়, রুমের ভেতর গান বাজিয়ে নৃত্য করছেন এক তরুণী। শুয়ে আছে আরও কয়েকজন নারী। আর চেয়ারে বসে আছে যুবক। এরপর নাচ-গানের সঙ্গে উল্লাস করেন সবাই।
মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এনায়েত হোসেন বলেন, ‘ভোরবেলায় শুনেছি দুই নারী মারা গেছেন। পরে জানতে পারি, মারা যাওয়া দুইজন বান্ধবী। যারা এই বাসায় ভাড়া থাকতেন, তাদের জন্মস্থান এখান থেকে দেড় কিলোমিটারের মধ্যে। সেখান থেকে এখানে এসে বাসা ভাড়া নিয়ে থাকাটা রহস্যজনক।’
বাসার কেয়ারটেকার হেলাল সরদার বলেন, ‘রাতে চিৎকার শুনে এগিয়ে যাই। পরে দেখে একজন ফ্লোরে মরে পড়ে আছে, বাকিদের অবস্থা গুরুতর। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যায়। শুরু থেকে এ ঘটনায় জীবিতরা বিষয়টি গোপন করে আসছে, কি কারণে এই ঘটনা ঘটলো কেউ কিছু বলছে না।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানে দুই নারীর মৃত্যু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মৃত সাগরিকার মা ও মামা বাবুসহ ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশকিছু আলামতও সংগ্রহ করেছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’


