ভারতের বিপক্ষে খেলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান ও দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। টাইগার অধিনায়কের ইনজুরি নিয়ে মাঠে নামার আগ পর্যন্ত চলেছে জমজমাট নাটক। আর তাসকিনের কি হয়েছে তা জানাই যায়নি। টিম ম্যানেজমেন্ট বলছে বিশ্রাম। আবার অন্যদিকে শোনা যাচ্ছে তিনিও আছেন ইনজুরিতে। জানা গেছে তাকে হাসপাতালে নেয়া হয়েছে স্ক্যান করানোর জন্য। পরিস্থিতি এমন যে তার লাগতে পারে অস্ত্রোপচার। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সত্যি নয়। তারপরও বলতেই হয় দলের মধ্যে থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে যে লুকুচুরি করা হচ্ছে তা বিবেচনা করলে কোনও কিছুই উড়িয়ে দেয়া যায় না। পুনে থেকে রোহিত শর্মা আর বিরাট কোহলিদের শহর মুম্বাইয়ে এসেছে বাংলাদেশ দল।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার। গতকাল যখন টাইগাররা টিম হোটেলে বিশ্রামে ছিল তখন প্রোটিয়ারা ব্যস্ত ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ফেরার লড়াইয়ে। নেদারল্যান্ডের বিপক্ষে লজ্জার হার থেকে মুক্তির জন্যও তারা লড়ছিলেন। অন্যদিকে টিম বাংলাদেশ মুম্বাই মিশনে চায় টানা তিন হারের হতাশা থেকে মুক্তি। এমন ম্যাচে দলের অধিনায়ক সাকিবের খেলা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। তার ওপর যোগ হয়েছে তাসকিনের খেলা না খেলার বিষয়টিও। টাইগারদের টিম ম্যানেজার রাবিদ ইমাম অবশ্য জানিয়েছেন এ দিন শুয়ে-বসে কাটায়নি দল। যে যার মতো জিম করেছে আর নিজেদের মানসিক ভাবে তৈরি করেছে জয়ে ফিরার লড়াইয়ের জন্য। কাল দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলনও করবে। জানা গেছে উপস্থিত থাকবেন সাকিব সহ দলের সব সদস্যই। মুম্বাই মিশনেও সাকিবের সঙ্গে তাসকিনকে নিয়ে হয়তো থাকতে হবে সবাইকে শেষ পর্যন্ত অপেক্ষায়।


