মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে জামানত বাজেয়াপ্ত হয়েছে পাঁচ প্রার্থীর। সোমবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোট কাস্টিংয়ের ৮ ভাগের একভাগ ভোট না পেলে ওই প্রার্থী জামানত হারান। সে হিসাবে চট্টগ্রাম-১ আসনে বিজয়ী ও নিকটতম প্রার্থী ছাড়া ৫ প্রার্থীই জামানত হারিয়েছে।
সহকারি রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে , মিরসরাই উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৪৩ হাজার ১১৭ ভোট কাস্টিং হয়েছে। সে হিসেবে এক প্রার্থী জামানত বাজেয়াপ্ত না হওয়ার জন্য ন্যূনতম ১৭ হাজার ৮৭৯ ভোট পাওয়ার কথা। কিন্তু এই পাঁচ প্রার্থীর কেউ ৫০০ ভোটের বেশী পায়নি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা) বিজয়ী হয়েছেন। তিনি ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন (ঈগল) পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট। মাহবুব উর রহমান ৩৬ হাজার ৬৯ ভোটে বেসরকারিভাবে জয় লাভ করেন। এছাড়া জাতীয় পার্টি মনোনীত এমদাদ হোসাইন চৌধুরী (লাঙ্গল) পান ৪০৮ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত আবদুল মন্নান (চেয়ার) পান ২০৫ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত মো: ইউসুফ (টেলিভিশন) পান ২০০ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) মনোনীত মো. নুরুল করিম আফছার (একতারা) পান ১৯৯ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) মনোনীত প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাতপাঞ্জা) পান ৪৬ ভোট।


