শফিউল আলম, রাউজান: রাউজানের পশ্চিম বিনাজুরী হালদার পাড়ে হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মকসুমুল হাকিম চৌধুরী।
২৫ জানুয়ারি (রবিবার) পরিদর্শনকালে রাউজানের পশ্চিম বিনাজুরী হালদার পাড়ে হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন কালে তিনি এবং তাঁর প্রতিনিধি দল আইডিএফ এর হালদা নদীর কার্প জাতীয় মাছের ‘ডিএনএ টেস্ট কিট’ ল্যবেরেটরির কার্যক্রম দেখে অভিভূত হন এবং “হালদার ডিএনএ টেস্ট কিট চালু করা আইডিএফ-এর একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে তিনি অভিহিত করেন। এছাড়া তিনি প্রাকৃতিকভাবে হালদা নদীর ডিম থেকে রেণু উৎপাদনের জন্য সিমেন্টের সিস্টার্ন এবং সার্কুলার ট্যাঙ্ক প্রযুক্তি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি হালদা সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে বিজিসি ট্রাস্টের সন্মানিত উপাচার্য এবং হালদা রিভার রিসার্চ ল্যাবের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া বলেন, বর্তমানে হালদা নদী সংরক্ষণে প্রশাসন, মৎস্য অধিদপ্তর, আইডিএফ, পিকেএসএফ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, হালদা পাড়ের লোকজনসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার ফলেই হালদা নদী জীবন্ত অবস্থায় রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিনিধি দল হালদা প্রকল্পের পরিচালক জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. আবদুল্লাহ আল মুমিন, আইডিএফ-এর প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল হাস্না, ম্যানেজার নুরুল হাকিম, হালদা ডিম সংগ্রহকারী মোহাম্মদ কামাল উদ্দিন সওদাগর প্রমুখ।


