মায়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ৭০ জন বাংলাদেশি জেলেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা হবে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন ট্রানজিট জেটিঘাট দিয়ে জেলেদের দেশে ফিরিয়ে আনা হবে। ধাপে ধাপে মায়ানমারে আটক সব বাংলাদেশি জেলেকে ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
নাফ নদ ও সাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের মুক্ত করতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তৎপরতা চালাচ্ছে।
বিজিবি সূত্র জানায়, গত পাঁচ মাসে টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূলীয় জলসীমা থেকে অন্তত ৪২০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
স্বজনদের অপেক্ষা
সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা হুমায়রা বেগম বলেন, ‘আমার স্বামীকে অপহরণের পর পাঁচ মাস ধরে জানি না তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন। দুই সন্তান নিয়ে কষ্টে দিন কাটছে।
আজ তিনি ফিরবেন— এই আশায় বসে আছি।’
এদিকে জেলেদের ফেরত আনার খবরে অনেক পরিবার টেকনাফ জেটিঘাটে ভিড় করছেন। প্রিয়জনদের একনজর দেখতে সকাল থেকেই সেখানে অপেক্ষা করছেন তারা।
শাহপরীর দ্বীপের বাসিন্দা মায়ানমারে আটক নুরুল আলমের ভাই ছৈয়দ আলম বলেন, ‘আজ জেলেরা ফেরত আসবেন শুনে এখানে এসেছি।
খুব খুশি লাগছে, তবে তালিকায় আমার ভাইয়ের নাম আছে কি না জানি না।’


