শফিউল আলম, রাউজান প্রতিনিধি:
রাউজান-এ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের দিন সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ঈদগাহ মাঠ এবং মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
নতুন পোশাক পরে ছোট শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ দলে দলে ঈদগাহ মাঠে উপস্থিত হন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
রাউজানের হলদিয়া, ডাবুয়া, চিকদাইর, গহিরা, নোয়াজিশপুর, বিনাজুরী, কদলপুর, পাহাড়তলী, বাগোয়ান, নোয়াপাড়া, উরকির চর, গুজরাসহ বিভিন্ন ইউনিয়নের অসংখ্য ঈদগাহ মাঠ ও মসজিদে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ আদায় করেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যিনি গহিরা বক্সে আলী চৌধুরী বাড়ি জামে মসজিদে নামাজ শেষে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করে দিনব্যাপী সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিকেলে গহিরায় নিজ বাড়িতে আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান নগরীর জমিয়তুল ফালাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে রাউজানের চিকদাইর এলাকায় নিজ বাড়িতে গিয়ে পিতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম আবদুল্লাহ আল নোমানের কবর জিয়ারত করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অন্যদিকে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার ঢাকায় ঈদের নামাজ আদায় করেন। পরদিন রাউজানের দক্ষিণ সর্তা এলাকায় নিজ বাড়িতে এসে দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সব মিলিয়ে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে রাউজানে উদযাপিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই উৎসব।


