জাহেদ কায়সার, প্রিয় চট্টগ্রাম: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর কাট্টলি স্মৃতিসৌধ প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পদচারণায়। এ সময় স্মৃতিসৌধে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ২৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম।
দিনের শুরুতেই শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এরপর শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ এবং রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ।
বেলা বাড়ার সাথে সাথে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ভিড় বাড়তে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক অন্যরকম আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
এদিকে দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি’র উদ্যোগে সকাল ১১টায় বিপ্লব উদ্যানে নগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব নাজিমুর রহমান নেতৃত্ব পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত ছিলেন। এসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক এম এ মুসা বাবলু ও সদস্য সচিব মামুনুর রশীদ শিপনের নেতৃত্বে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। চট্টগ্রাম প্রস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালে নোমান, দৈনিক কালেরকন্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, এন টিভির সিনিয়র সাংবাদিক আবুল হাসনাত, গ্রীন টিভির সিও ওয়াহিদ জামান, জাসাস চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মামুনুর রশীদ শিপন, সাংবাদিক রুপম চক্রবর্তী, রুবেল খান, আরিজ আহমেদ শাহা ,আবু মোশাররফ রাসেল, ফারুক আবদুল্লা প্রমুখ।


