চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি মুরগির খামার থেকে রতন ত্রিপুরা (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টাইগার ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রতন ত্রিপুরা খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি বর্মাছড়ি গুইছড়ি পাড়া গ্রামের বানী কুমার ত্রিপুরার ছেলে। সেই দীর্ঘ দেড় বছর ধরে ওই এলাকার সজিব মাস্টারের মুরগির খামারে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।
খামারের মালিক সজিব মাস্টার জানান, মোবাইলে বেশ কয়েকবার ফোন দিয়ে তার কোন সাড়া না পেয়ে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাসা থেকে খাবার নিয়ে খামারে গেলে রতনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঝুলন্ত অবস্থায় তার পকেটে থাকা মোবাইল ফোনে একটি বিরহের গান বাজছিল।
পরে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও পুলিশকে খবর দেওয়া হয়। ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রতন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজুর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, খামারে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


