কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) নামের এক যাত্রীর চারটি দাঁত ভেঙে গেছে।
অপর যাত্রী মোহাম্মদ আবু সাঈদ (৪০) ঘাড়ে আঘাত পেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্টেশন ছেড়ে আসে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন।
আহত দুই যাত্রী নন-এসি কোচের (ঢ বগি) ৩৫-৩৬ নম্বর আসনে বসা ছিলেন। চকরিয়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে একটি পাথর ছুড়ে মারা হয়।
এতে তাঁরা আহত হন। পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বিকেল সোয়া চারটার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান বলেন, দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে মোহাম্মদ হিমেল আহমেদ নামের এক যাত্রীর চারটি দাঁত ভেঙে গেছে। আমরা খবর পেয়ে সেখানে নিরাপত্তা জোরদার করি। চট্টগ্রাম স্টেশনে ট্রেনটি পৌঁছার পর আমি নিজেও আহত যাত্রীকে দেখতে গিয়েছি এবং আশ্বস্ত করেছি। যাত্রীদের নিরাপত্তায় কালকে থেকে আমাদের অতিরিক্ত ফোর্স মাঠে থাকবে। গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হবে।
গত এক বছরে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলরত ট্রেনগুলোতে অন্তত ১৪৫ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৩৯ জন। এছাড়া ট্রেনের দরজা ও জানালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে কক্সবাজার রুটে। আর এই রুটে গত এক বছরে অন্তত ৩৮টি পাথর নিক্ষেপের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন।


