মিরসরাই প্রতিনিধি ::
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে ধূমপান করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগে এক কলেজ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১০ মে) প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ এর অধ্যক্ষ মো. আবছার উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, কলেজের দ্বাদশ শ্রেনির মানবিক বিভাগের ছাত্র মো. আবিদ হোসাইন কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্ট করেছে। সে প্রকাশ্যে ধুমপান করা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কলেজের সকল শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সুনামবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজের সুনাম রয়েছে। এইচএসসি পরীক্ষায় বোর্ডে ভালো ফলাফল করে আসছে। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধুমপান সম্পূর্ন নিষিদ্ধ। একজন শিক্ষার্থী নির্দেশ অমান্য করে ধুমপান করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে কলেজের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে।


