মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নতুন করে ডিজেল ও অপরিশোধিত তেলের চালান দেশে পৌঁছেছে।
প্রায় ৪১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে এমটি সি র্যপটর সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় নোঙর করেছে। সিঙ্গাপুর থেকে আসা ১৮৯ দশমিক ২ মিটার দীর্ঘ জাহাজটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর জন্য ডিজেল বহন করে এনেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম।
তিনি জানান, জাহাজ থেকে প্রথমে লাইটারিংয়ের মাধ্যমে ডিজেল খালাস করে পরে পতেঙ্গার ডলফিন জেটিতে নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
এর আগে গত ৬ মে সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায় এমটি নিনেমিয়া। ২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ এই জাহাজটি যুদ্ধ শুরুর পর দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান বহন করে আনে।
এসব তেল পরিশোধন করছে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের মজুত সংকটে গত ১২ এপ্রিল রাতে প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
বিপিসি সূত্র জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার মজুত বাড়ানোর পাশাপাশি বিকল্প উৎস ও রুট থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নিয়েছে।


