কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি সংলগ্ন কর্ণফুলী নদীতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুটির নাম মোঃ মুসকান (৭)। সে শীলছড়ি ভেলুয়াপাড়া এলাকায় বসবাসরত মোঃ মুছার পুত্র।
স্থানীয় এলাকাবাসী জানায়, ঘটনারদিন শিশু মুসকান তার দাদা মোঃ ইউসুফের সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে যায়। এক পর্যায় তার দাদার অজান্তে শিশুটি নদীতে নেমে পানিতে ডুবে যায়।
গোসল সেরে দাদা ইউসুফ শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে নদী থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা জানান, শীলছড়ি সংলগ্ন কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


