মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে উল্টোপথে আসা একটি ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ রায়হান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মিনহাজ উদ্দিন সজিব (৩০) নামে আরও এক আরোহী।
শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়কমলদহ ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার মো. ইউসুফের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রায়হানের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। মাকে দেখতে সম্প্রতি ওমান থেকে দেশে ফিরেছিলেন তিনি। শুক্রবার সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদের দিকে যাওয়ার পথে তাদের বহনকারী মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজিবকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, শুক্রবার (২২ মে) দুপুরে ডাকঘর এলাকায় একটি ড্রামট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।


