নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ আজ একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সূচিতে ব্যাপক বিঘ্ন ঘটেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো ফ্লাইট ডাইভার্ট, কোনোটি বিলম্ব এবং একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট BG-138 (মদিনা-চট্টগ্রাম) বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় ডাইভার্ট হয়। পরে আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইটটি দুপুর ২টা ১ মিনিটে চট্টগ্রামে ফিরে আসে। এরপর বিকাল ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস এর ফ্লাইট BS-342 (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) চট্টগ্রামে অবতরণের পর ঢাকায় যেতে প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বের মুখে পড়ে। পরে ফ্লাইটটি বিকাল ৩টা ৯ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
একই এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট BS-105 বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে ফ্লাইদুবাই এর ফ্লাইট FDB-564 (চট্টগ্রাম-দুবাই) প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর দুপুর ১২টা ১৬ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, দিনজুড়ে বৃষ্টি, নিম্নমেঘ ও বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট পরিচালনায় সমস্যা তৈরি হয়। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইট চলাচলও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।


