বিএনপি নেতাকর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ এবং তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
শনিবার (৩০ মে) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।
প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, আমরা যারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি এবং দলীয় নেতাকর্মীদের অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হবে।
সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি দিতে হবে।
তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। লক্ষ্য করা যাচ্ছে একটি মহল বারবার আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
এসব থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।
ফারজানা শারমীন বলেন, আমরা দেশকে নিয়ে এগিয়ে যাব, দেশের ভবিষ্যৎ বদলাব এবং আগামীর জন্য একটি নতুন বাংলাদেশ গড়ব। এজন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে হবে। কেবল স্লোগানের মধ্যে আবদ্ধ না থেকে যারা তাকে দেখিনি বা তার সংস্পর্শে আসিনি, তাদের কাছে তার আদর্শ ও কর্মকে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, আজকে আমরা যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাঁটতে দেখি, চলতে দেখি, তার কর্মসূচি দেখি এবং তিনি প্রধানমন্ত্রী হয়ে সাধারণ মানুষের সঙ্গে কতটা সাধারণ হয়ে মিশে যেতে পারেন, তা দেখে আমরা মনে করতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্ভবত এমনই ছিলেন। যার কারণে তার প্রতিচ্ছবি হয়ে, বাংলাদেশের উদ্ধারকর্তা হয়ে আরেকজন মানুষ আমরা পেয়েছি। যিনি তার বাবার হাত ধরে, বাবার দেখানো পথ অনুসরণ করে, বাবার ফুটস্টেপ অবলম্বন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর-৩ আসনের এমপি আনোয়ারুল ইসলাম আনুসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


