স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত অযৌক্তিক নোটিশ প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন চমেকহা ২০২৫-২৬ এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার অন্যতম চালিকাশক্তি হওয়া সত্ত্বেও চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বৈষম্য, অবহেলা ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্দেশনা জারি, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি আইন সংস্কার এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে চমেক হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এ সময় দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শুক্রবার রাত পর্যন্ত আল্টিমেটাম দেন আন্দোলনরত চিকিৎসকরা।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে শনিবার থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অ্যাকাডেমিক শাটডাউনের মতো কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।


