ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকার নিজ বসতঘর থেকে জহুরুল আনোয়ার (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জহুরুল আনোয়ার (৭৫) ওই এলাকার মৃত ফজল করিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যান জহুরুল আনোয়ার। রাতের কোনো এক সময় তিনি ঘরের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের লোকজন সিঁড়ির রেলিংয়ের সঙ্গে তার নিথর দেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন।
পরে স্থানীয়রা এসে থানায় খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।


