বান্দরবানে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় পৌনে সাতটায় সীমান্তবর্তী পিলার ৪৭/৩-এস কাজু বাদাম বাগান নামক স্থানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল সীমান্ত পিলার ৪৭/৩-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে কাজু বাদাম বাগান এলাকায় গোপনে অবস্থান নেয়। এসময় কয়েকজন চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে চোরাকারবারিরা তাদের বহন করা ইয়াবা চালান ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।
বিজিবি আরও জানায়, পালিয়ে যাওয়া স্থানে তল্লাশি চালিয়ে ১০টি কার্টনে রাখা এক লক্ষ পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোক. ফয়জুল কবির বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।’


