কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: পরিবেশ রক্ষায় ও প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে বিশেষ কর্মসূচি পালন করেছে কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবি। রাঙামাটি সেনা রিজিয়নের নির্দেশনায় মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১ টায় জোনের আওতাধীন সকল বিওপি, ক্যাম্প ও টিওবি এলাকায় একযোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
জোন সদরসহ সংশ্লিষ্ট সকল স্থাপনার চারপাশ থেকে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য ময়লা-আবর্জনা সংগ্রহ করা হয়। সংগৃহীত প্লাস্টিক বর্জ্যগুলো সুপরিকল্পিত ভাবে পৃথক করে সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তীতে রিসাইক্লিং বা প্রক্রিয়াজাত করণের জন্য পাঠানো হবে। পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি স্থানীয় জনসচেতনতা মূলক মতবিনিময় সভারও আয়োজন করা হয়। জোন সদর ও অধীনস্থ সকল ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনসাধারণের সাথে এই মতবিনিময় সভায় প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক ও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে আলোচনা করা হয়। উক্ত কার্যক্রমে ওয়াগ্গাছড়া জোনের সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ (কর্তব্যরত ব্যতিত) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিজিবির এমন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।


