কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(বিউবো) প্রজেক্ট মাঠে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৬ জুন) বিকেলে।
ফাইনাল খেলায় ‘ডু অর ডাই একাদশকে ৪-২ গোলে হারিয়ে বিউবো নিরাপত্তা একাদশ’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রসঙ্গত, গত ১৫ জুন থেকে নক-আউট সিস্টেমে আরম্ভ হওয়া এই টুর্নামেন্টে কাপ্তাই প্রজেক্ট এলাকাসহ বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণফুলী পানি বিদ্যৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই কেন্দ্রের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী কইসুল বারী, জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) সিবিএ কাপ্তাই শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত কবির, সিবিএ’র সাবেক সহ-সভাপতি মোরশেদ আলম, সাবেক ফুটবলার জামাল উদ্দিন প্রমূখ।

সভায় পিডিবির ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, শহীদ এ কে এম শামসুদ্দিন ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের একজন আদর্শ ও নীতিবান ব্যবস্থাপক। ১৯৭১ সালে দেশের জন্য তিনি শহীদ হন। তার স্মৃতি রক্ষার্থে কাপ্তাইয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া আয়োজন করা হতো। কিন্তু বিগত ১৭ বছর নানা প্রতিকূলতা ও মাঠের সংকটের কারণে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টটি বন্ধ ছিল। দীর্ঘ বছর পর পুনরায় কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।


