টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকায় দিনদুপুরে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে এক পল্লী হোমিও চিকিৎসককে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
রোববার (২৮ জুন) দুপুর প্রায় ১টার দিকে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী পাহাড় থেকে নেমে তার বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
অপহৃত চিকিৎসক হলেন ডা. কামাল উদ্দিন (৬৫), তিনি বিএ কামাল নামেও পরিচিত। তিনি বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পরিদর্শক মো. আবু সাঈদ বিকেল ৩টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনদুপুরে এক পল্লী চিকিৎসককে অস্ত্রের মুখে অপহরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস জানান, প্রকাশ্যে এ ধরনের অপহরণের ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি দ্রুত অপহৃত চিকিৎসককে উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে, অপহরণের ঘটনায় চিকিৎসকের স্বজনরা আতঙ্কের মধ্যে রয়েছে। দ্রুত তাকে উদ্ধার, অপহরণকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।


