প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ২৯ জুন ২০২৬ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ ক্যাম্পাসে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে| ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে দুটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়| সেমিনারে প্রথম প্রবন্ধটি উপস্থাপন করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রুমানা চৌধুরী| তাঁর গবেষণাপত্রটির শিরোনাম ছিল ‘হোয়েন নলেজ টার্নস টু স্মোক: ডিস্টোপিয়ান রিফ্লেকশন্স ইন ব্র্যাডবেরি’স নভেল ফারেনহাইট ৪৫১’| এই প্রবন্ধের মূল বক্তব্যে রে ব্র্যাডবেরির বিখ্যাত ডিস্টোপিয়ান উপন্যাস ‘ফারেনহাইট ৪৫১’-এর আলোকে সমাজে জ্ঞানের অবক্ষয়, সেন্সরশিপ এবং একটি নিয়ন্ত্রিত ডিস্টোপিয়ান সমাজব্যবস্থায় মানুষের মনস্তাত্ত্বিক সংকটের নান্দনিক ও সমালোচনামূলক দিকগুলো ফুটিয়ে তোলা হয়| এরপর দ্বিতীয় প্রবন্ধটি উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব কোহিনূর আক্তার| তাঁর প্রবন্ধের শিরোনাম ছিল ‘ডায়াডিক ইন্টারঅ্যাকশন অ্যান্ড ইটস ইমপ্যাক্টস অন লার্নিং ইন দ্য ইনক্লুসিভ টারশিয়ারি ইএফএল ক্লাসরুম’| এই গবেষণাপত্রে উচ্চশিক্ষাস্তরে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ ক্লাসরুমে দুই জনের পারস্পরিক যোগাযোগ (ডায়াডিক ইন্টারঅ্যাকশন) কীভাবে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তোলে, তার বাস্তবসম্মত বিশ্লেষণ উপস্থাপন করা হয়|
সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির| প্রধান অতিথির বক্তব্যে তিনি ইংরেজি বিভাগের এমন নিয়মিত ও সমৃদ্ধ গবেষণা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন| তিনি বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হলো তার অ্যাকাডেমিক গবেষণা, যা এই বিভাগটি সফলভাবে ধরে রেখেছে| সম্প্রতি ইংরেজি বিভাগ সফলভাবে অ্যাক্রিডিটেশন লাভ করায় তিনি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান| তিনি উল্লেখ করেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বিভাগের শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্বেরই প্রমাণ এবং এটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ভাবমূর্তিকে অনেক উজ্জ্বল করেছে| এই অর্জনের ধারা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগামীতেও ইংরেজি বিভাগের সব ধরনের সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক গবেষণামূলক কাজে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি|
বিশেষ অতিথি হিসেবে শ্রোতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন অধ্যাপক মুজিব রহমান| তিনি তাঁর বক্তব্যে সাহিত্যের ডিস্টোপিয়ান ধারার প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় বুঝতে ডিস্টোপিয়ান সাহিত্যের পাঠ অত্যন্ত জরুরি| এর পাশাপাশি তিনি একটি কার্যকর ও প্রাণবন্ত ইএফএল ক্লাসরুম ম্যানেজমেন্টের ওপর জোর দিয়ে বলেন, শিক্ষার্থীবান্ধব শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা শিক্ষার্থীদের মনোযোগ ও মেধা বিকাশের পথকে আরও সুগম করে|
উপস্থাপিত প্রবন্ধ দুটির ওপর পাণ্ডিত্যপূর্ণ আলোচনা প্রদান করেন প্যানেল আলোচকবৃন্দ, যাঁদের মধ্যে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব শহীদুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক জনাব শান্তনু দাশ এবং সহযোগী অধ্যাপক জনাব শাহনাজ পারভিন সিঁথি| সভাপতির সমাপনী বক্তব্যে ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন বলেন, ইংরেজি বিভাগের এই সেমিনার আয়োজন একটি নিয়মিত ও ধারাবাহিক অ্যাকাডেমিক কার্যক্রম| তিনি এই সেমিনারের ধারাবাহিক সাফল্যের পেছনে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলমের অনস্বীকার্য অবদান ও সার্বিক দিকনির্দেশনার কথা স্মরণ করে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন| আগামী দিনগুলোতে ইংরেজি বিভাগের পক্ষ থেকে একটি আন্তর্জাতিক কনফারেন্স এবং বৃহৎ পরিসরে একটি স্টুডেন্ট সেমিনার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি| একই সাথে তিনি শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে শারীরিক সুস্থতা ও বুদ্ধিবৃত্তিক (ইন্টেলেকচুয়াল) চর্চা—উভয় ক্ষেত্রেই সমানভাবে মনোনিবেশ করার আহ্বান জানান| সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক জাগরণ দে মিল্টন| সেমিনারে ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনটিকে একটি সার্থক অ্যাকাডেমিক উৎসবে পরিণত করে|


