সামরিক শাসনামলে জারি করা আইনগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই এ নির্দেশনা দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুপ্রিমকোর্টের নির্দেশনা ছিল সামরিক শাসনামলে জারিকৃত আইনগুলো পরিবর্তন করতে হবে। এরপর যেগুলো সামরিক শাসনামলের বলে চিহ্নিত হয়েছিল, সেগুলোর পরিবর্তনের কাজ এখনো শেষ হয়নি। তবে বাকি যেগুলো আছে, সেগুলোর পরিবর্তন শেষ পর্যায়ে রয়েছে। সেগুলো দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
কতটি আইনে পরিবর্তন বাকি আছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার যতদূর মনে পড়ে ১০-১২টি হবে। কিন্তু দেখা গেছে, এসব আইন মন্ত্রিসভায় পাস হয়ে গেছে, হয় সংসদে আছে অথবা ডিভিশিন হচ্ছে। কিংবা ভেটিংয়ের পর্যায়ে আাছে। সবগুলোই প্রক্রিয়ার মধ্যে আছে, কোনোটি থেমে নেই।’
মাহবুব হোসেন বলেন, ‘আমাদের ক্যাবিনেটে একটি সিদ্ধান্ত আছে, অধ্যাদেশগুলো আইন করে ফেলতে হবে। ইংরেজি আইনগুলো বাংলায় রূপান্তর করে ফেলতে হবে। আবার এগুলো করতে গিয়ে যাতে আবার জটিলতা তৈরি না হয়, সেদিকেও খেয়াল রাখা হয়েছে। আইন আরও আধুনিক, ব্যবহার উপযোগী, সাধারণ মানুষের জন্য বোধগম্য হয়, সেদিকে নজর রাখা হয়েছে।’
২০১৩ সালে হাইকোর্টের নির্দেশনায় বলা হয়, পঁচাত্তরের ১৫ আগস্ট থেকে আটাত্তর পর্যন্ত এবং বিরাশি থেকে ছিয়াশির সেপ্টেম্বর পর্যন্ত যে অর্ডিন্যান্সগুলো (অধ্যাদেশ) করা হয়েছিল, সেগুলো বাছাই করে প্রয়োজনীয় আইন করতে হবে। আর যেগুলোর প্রয়োজন নেই সেগুলো বাদ দিতে হবে।


