মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৮টি পদে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ জয়লাভ করেছে। বাকি ৭টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ তথা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের নব-নির্বাচিত সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মো. মেজবাউল হক মেজবা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এফ এম নুরতাজ আলম বাহার। রাতভর ভোট গণনা শেষে বুধবার সকাল ৮টার দিকে ফলাফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মেহের উদ্দিন। জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের ব্যানারে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ জন নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মেহের উদ্দিন বলেন, জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার ৫৮৬ জন। তার মধ্যে ভোট প্রয়োগ করেছে ৫৫৬ জন। এখানে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের বিভিন্ন পদে ৩২ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাতভর ভোট গণনা শেষে বুধবারসকাল ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের ব্যানারে অ্যাডভোকেট মো. মেজবাউল হক মেজবা ২৭৯ ভোট পেয়ে সভাপতি, অ্যাডভোকেট হেলাল উদ্দিন ২৭৪ ভোট পেয়ে সহ-সভাপতি এবং অ্যাডভোকেট এ এফ এম নুরতাজ আলম বাহার ২৭৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরাজিত আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বাদশা ২৬৮ ভোট এবং অ্যাডভোকেট লুৎফর রহমান ২৫০ ভোট পেয়েছেন। মোট ১৫টি পদের মধ্যে অনান্য পদে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ ৮টি এবং সহ-সাধারণ সম্পাদকসহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ৭টি পদে জয় পেয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের ব্যানারে টানা দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক এ এফ এম নুরতাজ আলম বাহার বলেন, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদকে প্রত্যাখ্যান করে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদকে রায় দেয়ায় সকল আইনজীবীদের আমরা ধন্যবাদ জানাই।
জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের ব্যানারে নির্বাচিত সভাপতি,সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ জনকে অভিনন্দন জানিয়ে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, এই বিজয়ই বলে দেয় আইনজীবীরা আমাদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন। সেজন্য জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের পক্ষে তারা রায় দিয়েছেন। আগামী দিনে গণতন্ত্র রক্ষা, ভোটাধিকার প্রয়োগ ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীরা আমাদের চলমান আন্দোলনে পাশে আছেন এবং পাশে থাকবেন।


