আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন এক তালেবান গভর্নর। বোমাটি তার নিজ কার্যালয়েই বিস্ফোরিত হয়েছিল বলে সিএনএনকে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। নিহত ওই গভর্নরের নাম মোহাম্মদ দাউদ মুজাম্মিল। তিনি আফগানিস্তানের বালখ প্রদেশের গভর্নর। বিস্ফোরণে তিনিসহ মোট তিন জন নিহত হন। বালখ প্রদেশের পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি এসব তথ্য দিয়েছেন। হামলার দায় স্বীকার করেছে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস।
এদিকে তালেবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ বলেছেন, এই বিস্ফোরণ কি করে হয়েছে তা এখনও অস্পষ্ট রয়ে গেছে। তবে যারা হামলা চালিয়েছে তাদেরকে ‘ইসলামের শত্রু’ বলে আখ্যায়িত করেন তিনি। এ নিয়ে তদন্ত চলছে বলে জানান মুজাহিদ। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর ২০২১ সালের আগস্টে কট্টরপন্থী ইসলামপন্থী গোষ্ঠী তালেবান দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
এরপর দাউদ মুজাম্মিলই সবচেয়ে সিনিয়র কর্মকর্তা যিনি শত্রুদের হামলায় নিহত হয়েছেন।
গত দেড় বছর ধরে ইসলামিক স্টেট এবং তার সহযোগীরা আফগানিস্তানে বেসামরিক নাগরিক ও তালেবান সদস্যদের টার্গেট করে একাধিক ভয়াবহ হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে আছে একটি শিখ মন্দিরে হামলা, পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরে একাধিক বিস্ফোরণ এবং কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ। এছাড়া প্রায়ই মসজিদগুলোতে হামলা চালাচ্ছে আইএস। এবার তালেবান গভর্নরকে হত্যার দায় স্বীকার করলো গোষ্ঠীটি।
এর আগে মুজাম্মিল পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের গভর্নর থাকাকালীন ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন। গত অক্টোবরে তাকে বালখে বদলি করা হয়। বিস্ফোরণে আহত খাইরুদ্দিন বলেন, বিস্ফোরণ এত ভয়াবহ ছিল যে আমি উড়ে আছড়ে পড়ি। বিস্ফোরণে আমার এক বন্ধুর হাত উড়ে গেছে।


