চান্দঁগাও থানার একটি মাদকের মামলায় মো. আব্দুল ছোবহান প্রকাশ ছোবহান আলী (২৫) নামে এক যুবককে ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ এপ্রিল) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল ছোবহান, নওগাঁ জেলার বদলগাছি থানার বেগুন জোয়ার এলাকার আব্দুল জব্বারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. আব্দুল ছোবহানকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানোর হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে নগরের চান্দঁগাও থানার কালুরঘাট ব্রিজের পশ্চিম পাশে একটি মাইক্রোবাস বাস থেকে মো.আব্দুল ছোবহানকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতো মাইক্রোবাস থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন চান্দঁগাও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগ জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ২০২০ সালের ৬ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় আদালতে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।


