বিশ্বের বড় বড় দলগুলো ক্রিকেটারদের ইনজুরি নিয়ে কখনোই লুকোচুরি করে না। মাঠে এসে সাকিব আল হাসানের অনুশীলন তাও প্যাড পরে এরপর খেলতে না নামাকে নাটকীয়তাই ভাবছেন পুনের প্রেসবক্সে আসা ভারতীয় সাংবাদিকরা। বাংলাদেশ দলের এ ধরনের আচরণ সাকিবের না খেলা ভারত ম্যাচে বড় প্রভাব ফেলেছে বলেও মনে করেন তারা। কলকাতার উত্তরবঙ্গ সংবাদের সংবাদকর্মী অরিন্দম ব্যানার্জিকে বেশ রাগান্বিত দেখা গেল টাইগারদের এমন দুরবস্থায়। কথায় কথায় তিনি বলেই ফেললেন- ‘হচ্ছেটা কি তোমাদের দলে! সাকিবকে আমরা প্যাড পরা অবস্থায় মাঠে দেখে ধরেই নিয়েছিলাম সে খেলবে। যদি নাই খেলে তাহলে এমনটা করার কি দরকার ছিল। এমন আচরণকে ড্রামাতো বলতেই পারি! আরেকটা বড় ব্যাপার দেখ, সাকিব নেই বলে মিডল অর্ডারেও একটা প্রভাব পড়েছে। ৯৩ রানে যেখানে কোনো উইকেট পড়েনি সেখানে দেড়শ’ রান না হতেই ৫ উইকেট নেই। আর ব্যাটিং অর্ডারটাও এমন হবে কেন? মিরাজ কেন চারে খেলবে, এমন সময়ে আসবে দলের অভিজ্ঞ মুশফিকুর রহীম।’
গতকাল প্রেসবক্সজুড়ে বাংলাদেশের কোচ হাথুরুসিংহে ও অধিনায়কের সমালোচনা ছিল প্রচণ্ডভাবে। দেশের সংবাদকর্মীদের সঙ্গে সঙ্গে বিদেশিরাও বার বার প্রশ্ন ছুড়ে দিচ্ছিল হচ্ছেটা কি- বাংলাদেশ দলে।
আগের সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ হাথুরুসিংহে জানিয়েছিলেন ইনজুরি আক্রান্ত টাইগার অধিনায়কের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। দুপুরে তাকে দলের সঙ্গে মাঠেও আসতে দেখা যায়। সেই সময় তিনি বেশ কিছুক্ষণ কথা বলেছেন ভারতের ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে। এরপর প্যাড পরে করেন অনুশীলন। তবে সবার ঘোর ভেঙে দিয়ে টস করতে আসেন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তখনই প্রেসবক্সে শুরু হয় আলোচনা-সামলোচনা। তবে টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন তরুণ ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। কিন্তু দু’জনের ৯৩ রানের জুটি ভাঙতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইহগারদের ব্যাটিং লাইন। এ নিয়ে অরিন্দম বলেন, ‘দেখ, বিশ্বকাপের মতো আসরে পরীক্ষা-নিরীক্ষা চলে না। ৪টি ম্যাচ আমরা দেখলাম তোমাদের ব্যাটিং অর্ডারের কোনো ঠিক নেই। ভারতের মতো দল ৮ মাস আগে বলে দিয়েছে কে কোন পজিশনে খেলবে। সেখানে বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে অস্থিরতা কেন তা মনে হয় কোচ হাথুরুসিংহে আর সাকিবই বলতে পারবেন। তবে যা হচ্ছে তা দেশের জন্য ভালো কিছু নয়।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশ ভারতীয় গণমাধ্যমও। এজন্য টিমম্যানেজমেন্ট বিশেষ করে প্রধান কোচ ও অধিনায়ক সাকিব যে দায় এড়াতে পারবেন না তাও তারা মনে করেন। অরিন্দম বলেন, ‘ওয়ানডেতে ৪ মাস আগেও বাংলাদেশকে যে কোনো দল ভয় পেতো। কিন্তু তামিম ইকবালের বাদ পড়া, সাকিবের অধিনায়ক হওয়া যে ঘটনা প্রবাহ ছিল আমার মনে হয় সেটিই তোমাদের দেশের ক্রিকেটের বড় ক্ষতি করে দিয়েছে। এখানে এমন ঘটনা আর বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জন্য কোনোভাবেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দায় এড়াতে পারবে না। বিশেষ করে সাকিব ও হাথুরুসিংহেকে কাঠগড়ায় উঠতেই হবে!’
অন্যদিকে সাকিব মুম্বইয়ে ম্যাচে ফিরবেন বলে জানা গেছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে তিনি অনুশীলন করেছেন শুধু ব্যাটিং। একটি সূত্রে জানা গেছে উরুর ইনজুরির ক্ষেত্রে পূর্ণ শক্তিতে দৌড়াতে না পারা পর্যন্ত সাকিব মাঠে ফিরতে পারবেন না। তার মানে টাইগারদের বিশ্বকাপের পঞ্চম ম্যাচেও সাকিবকে নিয়ে শঙ্কাতেই থাকতে হবে!


