চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হলে সেখানেই বসে পরীক্ষায় অংশ নেন তারা।
শনিবার (৩ জানুয়ারি) সকালে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর ওই দুই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং একাধিকবার বমি করতে থাকেন। কর্তব্যরত চিকিৎসকদের মতে, রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া ও খাবার না খাওয়ার কারণেই তাদের এ শারীরিক সমস্যা দেখা দিয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষার্থী কোহিনূর আক্তারের পরীক্ষা কেন্দ্র ছিল জীববিজ্ঞান অনুষদে। অপর শিক্ষার্থী রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের সাদিয়া আক্তারের পরীক্ষা কেন্দ্র ছিল নতুন কলা ভবনে (শহীদ হৃদয় তরুয়া ভবন)। অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও অধ্যাপক ড. মঈনুদ্দিন।
বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. সাঈদা আক্তার শাহনাজ বলেন, খাবার না খাওয়া এবং রাতে পর্যাপ্ত ঘুমের অভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।
তারা বেশি পরিমাণ বমি করেছে। আমরা তাদের বমি প্রতিরোধক ওষুধ দিয়েছি। তারা মেডিক্যাল সেন্টারে বসে পরীক্ষায় অংশ নিয়েছে।


