দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এ সিদ্ধান্ত জানান।
জানা গেছে, ডা. ফজলুল হক হলফনামায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করলেও এর পক্ষে কোনো নথি জমা দেননি। তিনি হলফনামায় দাবি করেন, গত ২৮ ডিসেম্বর নাগরিকত্ব ত্যাগ করেছেন।
বাছাইয়ের সময় তিনি জানান, নাগরিকত্ব ত্যাগের আবেদন করা হয়েছে এবং সোমবার এ বিষয়ে শুনানি হবে। তবে এখনো দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
এ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম-৮ আসনে সিপিবির প্রার্থী মো. সেহাব উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


