চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার নানুপুর-খিরাম সড়কের লম্বা টিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল খিরাম ইউনিয়নের মগকাটা এলাকার আব্দুল কাদেরের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল ও তার বন্ধু আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন তালুকদার মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়ি খিরাম মগকাটা যাচ্ছিলেন। লম্বা টিলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি চাঁদের গাড়ির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
আলাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


