এই বছর রমজানের শুরুতেই চট্টগ্রামের কাঁচাবাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে লেবুর হালি প্রায় চারগুণ দামে বিক্রি হচ্ছে।
বাজারে ছোট লেবু এখন ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না, আর মাঝারি ও বড় লেবুর দাম ১২০ থেকে ২০০ টাকায় পৌঁছেছে। অনেক জায়গায় দরদাম করে ক্রেতারা ১৫০-১৬০ টাকায় লেবু কিনছেন।
চট্টগ্রামের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ আগে এক হালি লেবু ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছিল। তবে বর্তমান মজুদ কম থাকায় দাম বেড়ে গেছে। বিক্রেতারা দাবি করছেন, অনেক চাষি রমজানে বেশি দাম পাওয়ার আশায় লেবু বাজারে ছাড়ছেন না। একই কারণে পাইকারি ব্যবসায়ীরাও মজুত রাখছেন।
বহদ্দারহাট কাঁচাবাজারের ভ্রাম্যমাণ বিক্রেতা নাজিম উদ্দীন মহন জানান, “আমাদের পাইকারি বাজারেই লেবু বেশি দামে কিনতে হচ্ছে। আগের মতো এক ডজন লেবু ১০০ টাকায় পাওয়া কঠিন।”
ক্রেতারা বলছেন, হঠাৎ দাম বেড়ে যাওয়ায় ইফতারের জন্য লেবু কিনতে হিমশিম খেতে হচ্ছে। লেবু শরবত রমজানের জনপ্রিয় পানীয় হওয়ায় এই চাহিদা বৃদ্ধি এবং বাজারে মজুদ কম থাকায় দাম এমন অস্বাভাবিকভাবে বেড়েছে।


