চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল পরিবারের আয়োজনে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় হল অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার দারুণ উদ্যােগের জন্য হল প্রভোস্ট, হল সংসদের ভিপি, জিএসসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, রমজান মাসে ইফতার এটি সামাজিক বন্ধন হিসেবে কাজ করে। এর মাধ্যমে সবার সাথে সামাজিক সহমর্মিতা বৃদ্ধি পায়। তিনি বলেন, রোজা আমাদের মানবিকতা, অন্যায় না করা এবং ন্যায্যতার বার্তা শেখায়। তিনি বলেন, যেকোনো ধার্মিক মানুষ অন্যায় কাজ করতে পারে না। সকল ধর্মই মানুষকে নৈতিকতা শেখায়। আমাদের এ হল সম্প্রীতির অনন্য উদাহরণ। এখানে বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী একসাথে বসবাস করছে। উপাচার্য রোজার শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি এ.জি.এম নিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে হল সংসদের যোগাযোগ ও আবাসন সম্পাদক আমান উল্যাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হল সংসদের ভিপি রিপুল চাকমা। একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদ কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মো. খাইরুল ইসলাম ও মোহাম্মদ মীর হোসেন মজুমদার হলের আবাসিক শিক্ষক ড. মো. নুরে আলম ও মোহাম্মদ রিদোয়ান পারভেজ, চাকসুর সাংস্কৃতিক সম্পাদক হারেস মাতাব্বর, চাকসুর কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান, আমন্ত্রিত অতিথি আনোয়ার মাসুদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, চাকসু ও হল সংসদের প্রতিনিধিবৃন্দ, হলের শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


