শফিউল আলম,রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকির চর ইউনিয়নের হারপাড়া এলাকায় হালদা নদীর পাড়ে গড়ে ওঠা একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে হারপাড়া উরকিরচর এলাকার মেসার্স আজমির অটো ব্রিকস-এর মালিক শেখ জাহেদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস। সার্বিক সহযোগিতা করেন একই কার্যালয়ের গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম।অভিযান পরিচালনায় রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা সহায়তা করেন।উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


