শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলায় রাত নামলেই যেন শুরু হয় পাহাড়, টিলা ও কৃষিজমি কাটার প্রতিযোগিতা। প্রশাসনের মাঝে মধ্যে অভিযান ও জরিমানা থাকলেও তা থামাতে পারছে না মাটিখেকোদের দৌরাত্ম্য। গভীর রাতে এক্সকাভেটর (ভেকু) ও ডাম্পার ট্রাকের অবাধ তৎপরতায় উপজেলার বিভিন্ন এলাকায় চলছে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন।অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা একাধিক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড়-টিলা ও উর্বর কৃষিজমির মাটি কেটে বিক্রি করছে। এসব মাটি ডাম্পার ট্রাকে করে বিভিন্ন স্থানে ভরাট কাজে সরবরাহ করা হচ্ছে।এতে একদিকে যেমন পরিবেশ ও জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে উর্বর কৃষিজমি। পাশাপাশি অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে গ্রামীণ জনপদের সড়ক-ঘাট।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসন মাঝে মধ্যে দু-একটি স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করলেও তাতে কোনো পরিবর্তন আসছে না। বরং জরিমানাকে তোয়াক্কা না করে আরও বেপরোয়া হয়ে উঠেছে মাটি খেকো সিন্ডিকেটের সদস্যরা।
প্রশাসনের নজরদারি এড়াতে সিন্ডিকেটগুলো রাতের সময়কে বেছে নিয়েছে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা এবং ডাম্পার ট্রাকে তা পরিবহনের কাজ।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পশ্চিম গুজরা ইউনিয়নের বৈদ্যপাড়া, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের পেছনে এবং শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে মগদাই সহ অন্তত চারটি স্থানে কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছে।এছাড়া রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলীখীল, হলদিয়া বিল, রাউজান রাবার বাগান, কাজীপাড়া ও রাবার বাগান মুখছড়ি এলাকায় টিলা কাটা হচ্ছে। রাউজান ইউনিয়নের রশিদরপাড়া এলাকায় কৃষিজমি কাটা হচ্ছে। এছাড়াও ডাবুয়া জগন্নাথ হাটের উত্তর পাশে কৃষিজমি কাটা হচ্ছে।হলদিয়া ইউনিয়নের ইয়াছিননগর এলাকায়ও টিলা কাটা হচ্ছে। রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া এলাকাতেও একইভাবে কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল বলছেন, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে রাউজানের পরিবেশ, কৃষি জমি ও গ্রামীণ অবকাঠামো মারাত্মক ক্ষতির মুখে পড়বে। স্থানীয় সূত্রে জানায়, পশ্চিম গুজরা ইউনিয়নে মাটি কাটার সাথে জড়িত রয়েছে, রাউজানের তালিকাভুক্ত সন্ত্রাসী চেয়ারম্যান সহ ৩০জন। রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলীখীল এলাকায় মাটি কাটার সাথে জড়িত রয়েছে ১০ সদস্য বিশিষ্ট মাটিখোকা সিন্ডেকেট ।আইলীখীল রাবার বাগানের পাশে মাটি কাটার সাথে জড়িত রয়েছে, দুইজনের মাটিখোকো সিন্ডিকেটের সদস্য। কাজীপাড়া মূখছড়ি এলাকায় মাটি কাটার সাথে জড়িত রয়েছে, রশিদরপাড়া এলাকায় মাটি কাটার সাথে জড়িত রয়েছে ১০ সদস্য বিশিষ্ট মাটিখোকো সিন্ডিকেটের সদস্য বাপ্পা।
রাউজানে পাহাড় টিলা কৃষি জমি কাটার বিষয়ে ফোন করে রাউজান উপজেলা নির্বাহী অফিসার রাহাতুল ইসলামের কাছে জানতে চাইলে, রাউজান উপজেলা নির্বাহী অফিসার রাহাতুল ইসলাম বলেন রাউজানে কৃষি জমি থেকে মাটি কাটা ও পাহাড় টিলা কাটার বিরুদ্বে প্রতিদিন অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।


