২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব চট্টগ্রাম। দিনটির তাৎপর্যকে হৃদয়ে ধারণ করে সন্ধ্যা থেকেই ক্লাবের সদস্যরা নিজেদের উদ্যোগে বাজার করা, রান্না করা এবং খাবারের প্যাকেট প্রস্তুত করেন।
রাত নামার সাথে সাথে শহরের নির্জন পথে বাইকের আলো জ্বালিয়ে তারা ছুটে চলেন অসহায় ও ক্ষুধার্ত মানুষের পাশে। তাদের হাতে তুলে দেন খাবারের প্যাকেট।
চট্টগ্রাম YRC’র এই উদ্যোগে ফুটে ওঠে মানবতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি, যেখানে স্বাধীনতার আনন্দ ভাগ করে নেওয়া হয় সুবিধাবঞ্চিত মানুষের সাথে।
এতেই শেষ নয়। গভীর রাতে প্রায় ৩০০ ইয়ামাহা বাইকের সমন্বয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব চট্টগ্রামের প্রধান কবি, শিশুসাহিত্যিক ও সংগঠক তানভীর হাসান বিপ্লবের নেতৃত্বে তৈরি করা হয় “২৬শে মার্চ” এর এক জীবন্ত লোগো, যা হয়ে ওঠে দেশপ্রেম ও ঐক্যের এক অনন্য প্রতীক। লোগো কাজ চলমান রেখে, একদল ছুটে যান শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, আর অন্যরা ক্লান্তি ভুলে, মুখে হাসি নিয়ে লোগোর কাজ সম্পূর্ণ করেন।
তাদের এই উদ্যোগ প্রমাণ করে, স্বাধীনতা শুধু উদযাপনের বিষয় নয়, এটি মানবতার পাশে দাঁড়ানোর এক মহান অঙ্গীকার।


