মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই(রাঙামাটি): সারাদেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অযুহাতে যখন বিভিন্ন স্থানে অস্থিরতা বিরাজ করছে, তখন রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি, আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকি এবং ডিলারদের স্বচ্ছতার ফলে কাপ্তাইয়ের ফিলিং স্টেশন ও খুচরা বাজারগুলোতে জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরকারি বিপণন সংস্থা ‘পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড’-এর নিবন্ধিত ডিলার ‘মেসার্স কাপ্তাই ফিলিং স্টেশন’ থেকে নিয়মিত ও সু-শৃঙ্খল ভাবে জ্বালানি তেল সংগ্রহ করছেন চালক ও সাধারণ ক্রেতারা। সংকটের দোহাই দিয়ে এখানে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি বা বাড়তি দাম নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে এখানে প্রতি লিটার অকটেন ১২০ টাকা এবং ডিজেল ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কাপ্তাই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে উপজেলার মূল ফিলিং স্টেশনগুলোর পাশাপাশি পাড়া-মহল্লার খুচরা দোকানদারদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। এই তদারকিতে সক্রিয় ভূমিকা রাখছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। ফলে মজুদদারি বা কালোবাজারির কোনো সুযোগ থাকছে না।
কাপ্তাই ফিলিং স্টেশনের ম্যানেজার হোসাইন মোহাম্মদ ইসমাইল জানান, বর্তমানে তারা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা দিচ্ছেন। খুচরা টাকার সংকটের কারণে অনেক সময় লেনদেনে জটিলতা এড়াতে গ্রাহকদের জনপ্রতি ২০০ টাকার তেল (প্যাকেজ হিসেবে) প্রদান করা হচ্ছে।
তিনি জানান, স্টেশনে প্রতিদিনের স্বাভাবিক টার্গেট ২৫০ লিটার থাকলেও বর্তমান পরিস্থিতিতে ক্রেতাদের ব্যাপক চাপের কারণে দৈনিক প্রায় ১ হাজার লিটার পর্যন্ত তেল বিক্রি হচ্ছে। কাপ্তাই পর্যটন এলাকা হওয়ার পাশাপাশি রাঙামাটি সদর, রাঙ্গুনিয়া ও লিচু বাগানসহ বিভিন্ন দূরবর্তী এলাকা থেকেও চালকরা তেল নিতে এখানে ভিড় করছেন।
এবিষয়ে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেলের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, “জ্বালানী তেল নিয়ে যাতে কেউ কোন রকম কারসাজি করতে না পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক এবং নজরদারি রাখছি। সংকট না কেটে যাওয়া পর্যন্ত নজরদারি অব্যাহত থাকবে।”
তেল নিতে আসা মোটর সাইকেল চালক আমিন শরীফ জানান, “বিভিন্ন জায়গায় তেল পেতে ভোগান্তি ও বাড়তি দামের কথা শুনেছি, কিন্তু কাপ্তাইয়ে আমরা সঠিক সময়ে এবং নির্ধারিত দামেই তেল পাচ্ছি। প্রশাসনের নিয়মিত তদারকি থাকায় তারা সন্তোষ প্রকাশ করেন।”
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত মনিটরিং এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার কারণেই কাপ্তাইয়ে জ্বালানি বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। জনস্বার্থে এই কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকার জনসাধারণ।


