অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে এখনও তেলের দাম বৃদ্ধি করা হয়নি। তবে উচ্চ মূল্যে তেল ও গ্যাস কতদিন এভাবে চালানো সম্ভব হবে, তা চিন্তার বিষয়। তিনি জানান, শিগগিরই তেলের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় চট্টগ্রামের কেইপিজেড ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-র শিক্ষার্থীদের স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে মন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, “বৈশ্বিক তেলের সংকট শুধু বাংলাদেশ নয়, আমেরিকা সহ সারা বিশ্বকে প্রভাবিত করছে। দেশের অধিকাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে আসে এবং সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ চালু রেখেছে। সর্বোপরি জ্বালানি নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনও কম্প্রোমাইজের সুযোগ নেই।”
তিনি আরও জানান, সংকট মোকাবিলায় সাশ্রয় প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে এবং সরকার চাইছে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এতে অংশ নিক, জ্বালানি ব্যবহার সাশ্রয়ী হোক।


