খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে সত্যতা নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু।
পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউপিডিএফ-মূল) দলের কালেক্টর ছিলেন নিউটন চাকমা।
নিহত নিউটন চাকমা রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। বর্তমানে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, ‘একজনের মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। পুলিশ সংবাদ পেয়ে উদ্ধার করতে গেছে।’


