কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় বিজিবির চেকপোস্টে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৪২ হাজার ইয়াবা জব্দ ও দুই নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আটকরা হলেন- টেকনাফ উপজেলার উত্তর পাড়া (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ও গাড়িচালক মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়া এলাকার বাসিন্দা মোসা. বিউটি (২৭) ও মোসা. মাহিম (১৯)।
তিনি জানান, শুক্রবার (১০ এপ্রিল) ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান।
এ সময় গাড়ির তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে লুকানো কালো ও খাকি কসটেপে মোড়ানো ২১টি পোটলা উদ্ধার করা হয়। পরে সেগুলো খুলে গণনা করে আনুমানিক ৪২ হাজার ইয়াবা পাওয়া যায়। মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


