চট্টগ্রামের বোয়ালখালীতে ফসলের ক্ষতি করার অভিযোগে একটি তালগাছে ঝুলে থাকা প্রায় ২০-২২টি বাবুই পাখির বাসা ভেঙে দিয়েছে বাচা মিয়া (৬০) নামের এক ব্যক্তি। উপজেলার পোপাদিয়া ঈশ্বর ভট্ট বাজার ভুবনেশ্বরী মাতৃ মন্দির এলাকায় এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত বাচা মিয়াকে কারাদণ্ডসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য অয়ন মল্লিক জানান, তার ফসলের ক্ষতি করছে এমন অদ্ভুত অজুহাতে গত দুইদিন ধরে বাঁশ দিয়ে বাবুই পাখির প্রায় ২০-২২টি বাসা ভেঙে দিয়েছেন বাচা মিয়া। ফলে বাসায় থাকা প্রায় ৫০-৬০টি বাবুই ছানা মারা গেছে। নিচে মরে পড়ে থাকা ছানাগুলো কাক ও কুকুর-বিড়ালের খাবারে পরিণত হলো। অনেকগুলো মৃত ছানা এখনও মাটিতে পড়ে আছে।
বাচা মিয়ার অভিযোগ বাবুই পাখি তার ফসলের ক্ষতি করছিল। তাই তিনি বাঁশ দিয়ে রাস্তার ধারের তালগাছে ঝুলে থাকা বাসা ভেঙে দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক। অনেকগুলো বাবুই ছানা মারা গেছে। এ ঘটনায় দায়ী বাচা মিয়া নিজের অপরাধ স্বীকার করেছে। বন্য প্রাণী সংরক্ষণ আইন ১২ এর ৩৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


