চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্র সৈকত এলাকায় নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার পর্যটন কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে বারশত ও রায়পুর ইউনিয়নের এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান খাজা ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ-এর মাধ্যমে চলমান নির্মাণ কাজে সীমানা প্রাচীরসহ বিভিন্ন স্থাপনায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে।
পাশাপাশি লবণাক্ত পানি ব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এলাকাবাসী।
বক্তারা আরো দাবি করেন, এসব অনিয়মের সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের জড়িত রয়েছে। তারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
স্থানীয়দের অভিযোগ, দ্রুত তদন্ত করে নির্মাণকাজে স্বচ্ছতা নিশ্চিত না করলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলম খান, পারকি বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাসেম, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য জিয়াউর রহমান, বারশত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


