মির্জা ইমতিয়াজ শাওন: শনিবার লালদিঘী মাঠ-এ বসছে ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলার ১১৭তম আসর| এ উপলক্ষে আগেভাগেই দূর-দূরান্ত থেকে নানা পসরা নিয়ে ভিড় জমাতে শুরু করেছেন বিক্রেতারা| মেলায় গ্রাম-বাংলার বিভিন্ন লোকজ শিল্পের পাশাপাশি পসরা সাজিয়ে বসেছে শিশুদের খেলনা, গৃহস্থালি সামগ্রী দা, ছুরি ও বটিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র| এছাড়া মেলায় নানা ধরনের হস্তশিল্প এবং ফল ও ফুলের গাছ নিয়ে পসরা সাজিয়েছে বিক্রেতারা| সকাল থেকে ক্রেতারা মেলায় আসতে শুরু করেছে|
মেলার প্রস্তুতি ঘিরে ইতোমধ্যে সরগরম হতে শুরু করেছে পুরো লালদিঘী এলাকা| দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা নিয়ে আসছেন মাটির ˆতরি সামগ্রী, খেলনা, গৃহস্থালির পণ্য, হস্তশিল্প, পোশাকসহ নানা ধরনের ঐতিহ্যবাহী সামগ্রী| বিশেষ করে গ্রামীণ সংস্কৃতির ছোঁয়ায় ˆতরি পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ থাকায় বিক্রেতারাও সাজাচ্ছেন বাহারি পসরা|
প্রতি বছরের মতো এবারও বলি খেলাকে ঘিরে দর্শনার্থীদের ব্যাপক সমাগমের আশা করা হচ্ছে| খেলা দেখতে ও মেলায় অংশ নিতে চট্টগ্রামসহ আশপাশের জেলা থেকে মানুষ ছুটে আসবেন| আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে ঐতিহ্যবাহী এ আয়োজন উপভোগ করতে পারেন|
ঐতিহাসিকভাবে ১৯০৯ সালে প্রবর্তিত এ বলি খেলা এখন চট্টগ্রামের অন্যতম প্রধান লোকজ উৎসবে পরিণত হয়েছে| প্রতিবছর বাংলা ১২ বৈশাখে অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে বসে প্রাণের বৈশাখী মেলা, যা নগরবাসীর ঐতিহ্য ও
সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিফলন|


