চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জুমার নামাজে ইমামতি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামে এক খতিব নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম ফারুকী উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর ছেলে। তিনি রহমতাবাদ ফারুকিয়া হাফেজিয়া মাদরাসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকার একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। বিকেলে মহাসড়কের ওয়্যারলেস এলাকায় পৌঁছলে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান বলেন, বিকেলে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।


