কায়সার হামিদ মানিক,উখিয়া: মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ রফিক (২৯)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মোহাম্মদ রফিক ক্যাম্প-১১ এর ডি/১৪ ব্লকের মজির আহম্মদ এর ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক,শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান,গোপন সূত্রে জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই আসামী গ্রেপ্তার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্পের অভ্যন্তরে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অত্যন্ত সতর্কতার সাথে পরিচালিত এই অভিযানে দীর্ঘদিনের পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রফিককে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


