চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সাগরিকা ফ্লাইওভারে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাটি আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলাও দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে সাগরিকা ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, নিহত যুবক আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কাউসার আহমেদ এবং তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে এ দাবি নাকচ করে দিয়েছে পুলিশ।
পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, নিহত ব্যক্তি বিএসআরএম-এ নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।
তিনি আরও বলেন, ‘মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করা হয়েছে।’


